সউদী মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, রিক্রুটমেন্ট ও শ্রমিক সেবা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন, গ্রাহকদের পাওনা টাকা ফেরত দিতে দেরি করা এবং সেবাগ্রহীতাদের করা অভিযোগ নিরসন না করার মতো অপরাধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইনগত ব্যবস্থার মুখে পড়া ৬৭টি এজেন্সির মধ্যে ৬৬টি সংস্থাকে অবিলম্বে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যে অনিয়ম শুধরে নিতে ব্যর্থ হওয়ায় ১টি এজেন্সির লাইসেন্স পুরোপুরি বাতিল করা হয়েছে।
রিক্রুটমেন্ট অফিস ও কোম্পানিগুলো সঠিক নিয়মনীতি মেনে চলছে কি না এবং নিয়োগকর্তা ও শ্রমিক-উভয় পক্ষের অধিকার সুরক্ষিত থাকছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত এই পরিদর্শনের কাজ অব্যাহত থাকবে।সংস্থাটি স্পষ্ট করে দিয়েছে যে, রিক্রুটমেন্টের নিয়ম কিংবা অন্য যেকোনো আইন অমান্যকারী এজেন্সির বিরুদ্ধে কঠোর শাস্তি জারি রাখা হবে।
শ্রমবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা, রিক্রুটমেন্ট সেবার মান বাড়ানো এবং এজেন্সিগুলো যেন তাদের চুক্তিভিত্তিক দায়িত্ব ঠিকঠাক পালন করে-তা নিশ্চিত করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।গৃহকর্মী নিয়োগ ও অন্যান্য সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতা এবং নিয়োগকর্তাদের সরকারের অনুমোদিত 'মুসানেদ' প্ল্যাটফর্ম ব্যবহার করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
এই ডিজিটাল প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যবহারকারীরা অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির সঙ্গে ইলেকট্রনিক চুক্তি সম্পাদন করতে পারেন। এছাড়া সেবা প্রদানকারী সংস্থাকে রেটিং দেওয়া, আবেদনের আপডেট ট্র্যাক করা এবং নিয়ম লঙ্ঘনের ঘটনা রিপোর্ট করার সুযোগ রয়েছে এতে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মটি পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে এবং নিবন্ধিত লাইসেন্সধারী এজেন্সির সঙ্গে নিরাপদ লেনদেনে গ্রাহকদের সাহায্য করবে।
সউদী শ্রমবাজারকে আরও নির্ভরযোগ্য, প্রতিযোগিতামূলক এবং টেকসই করে তোলার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।









