বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে 'ইনভেস্ট বাংলাদেশ' এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা একটি উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, 'মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তিনি বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে এগিয়ে আসায় চীনা বিনিয়োগকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে পরিচালিত চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।










